এই লেখায় যা আছে
আমাদের শরীরে কিছু টিস্যু থাকে যেগুলো পার্শ্ববর্তী টিস্যুর তুলনায় অপেক্ষাকৃত দুর্বল হয়। যখন সেই দুর্বল অংশে অভ্যন্তরীণ চাপ বাড়ে—যেমন দীর্ঘদিনের হাঁচি, কাশি বা কোষ্ঠকাঠিন্যের কারণে—তখন শক্তিশালী টিস্যু দুর্বল টিস্যু ভেদ করে বাইরে বেরিয়ে আসে। এই অবস্থাকেই হার্নিয়া বলা হয়।
এই রোগ নারী-পুরুষ এমনকি শিশুদেরও হতে পারে। তবে অতিরিক্ত ওজনের মানুষদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। সাধারণত অন্ত্র বা উদরকে ঘিরে থাকা পেরিটোনিয়াম পেটের দেওয়ালের কোনো দুর্বল ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে এলে হার্নিয়া তৈরি হয়। বের হয়ে আসা অংশটিকে হার্নিয়া স্যাক বলা হয়। এর ভেতরে অন্ত্রের অংশ, পেরিটোনিয়াম, পাকস্থলী বা পেটের চর্বি থাকতে পারে। বাইরে থেকে এটি একটি ফোলা বা স্ফীতির মতো দেখায়।
সবচেয়ে প্রচলিত হার্নিয়া হলো ইঙ্গুইনাল হার্নিয়া, যা কুঁচকির সাথে সম্পর্কিত। এর পাশাপাশি আরও রয়েছে অস্ত্রোপচারের কাটা দাগ থেকে সৃষ্ট ইনসিশনাল বা ভেন্ট্রাল হার্নিয়া, উরুর উপরিভাগে ফিমোরাল হার্নিয়া, নাভির কাছে আমবিলিক্যাল হার্নিয়া এবং ডায়াফ্রাম বা পাকস্থলীর ওপরে হিয়াটাল হার্নিয়া।
হার্নিয়ার প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থানে ব্যথা ও ফোলাভাব। তবে কিছু রোগীর ক্ষেত্রে কোনো লক্ষণই প্রকাশ পায় না। হার্নিয়ার চিকিৎসায় অস্ত্রোপচারের মাধ্যমে প্রভাবিত টিস্যু আগের জায়গায় ফিরিয়ে দেওয়া এবং ছিদ্র বন্ধ করা হয়। জটিলতা হিসেবে ফোলা, ব্যথা বা অস্ত্রোপচারের স্থানে সংক্রমণ হতে পারে। সময়মতো চিকিৎসা নিলে সাধারণত ফলাফল ভালো হয়।
হার্নিয়ায় আক্রান্ত হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, নিচে সেগুলো উল্লেখ করা হলো -
- দীর্ঘমেয়াদী কাশির সমস্যা।
- ঘন ঘন বা অতিরিক্ত হাঁচি দেওয়া।
- দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য।
- ভারী জিনিস বহন বা উত্তোলন করা।
- বিশেষ পেশির উপর বারবার চাপ দেওয়া।
- শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হওয়া।
- তামাক বা ধূমপানজাতীয় পণ্যের ব্যবহার।
হার্নিয়ার লক্ষণ ও উপসর্গসমূহ
হার্নিয়ার লক্ষণ ও উপসর্গ বিভিন্ন রকম হতে পারে, যেমন -
- পেটের নির্দিষ্ট অংশ ফুলে ওঠে এবং সেই স্থানে তীব্র ব্যথা অনুভব হয়।
- সামনে ঝুঁকলে বা শরীর নিচু করলে ব্যথা অনুভূত হওয়া।
- না খেলেও পেট পূর্ণ লাগা বা অস্বস্তিবোধ করা।
- বমি বমি ভাব অনুভব করা।
- নাভির আশপাশ ফুলে যাওয়া।
- কুঁচকি বা অণ্ডথলি ফুলে উঠতে পারে।
- উরুর গোড়ার ভেতর দিক ফুলে ওঠা।
- আগে অপারেশন হয়েছে এমন স্থান ফুলে যাওয়া।
- জ্বর আসা।
- আক্রান্ত স্থানের পার্শ্ববর্তী পেশি দুর্বল অনুভব হওয়া।
- মলত্যাগে কষ্ট বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা।
হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি
হার্নিয়ার সর্বোত্তম চিকিৎসা হলো শল্যচিকিৎসা বা অস্ত্রোপচার। অপারেশনের সময় হার্নিয়া স্যাকের বস্তু পেটের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় বা কেটে বাদ দিয়ে জায়গাটি সেলাই করে বন্ধ করা হয়। দুর্বল টিস্যু ও পেশিগুলোকে সঠিক স্থানে ধরে রাখতে একটি কৃত্রিম বা প্রাকৃতিক উপাদানের জাল ব্যবহার করা হয়।
হার্নিয়া থেকে মুক্তি পেতে মূলত দুই ধরনের অপারেশন করা হয়। একটি হলো সরাসরি বা উন্মুক্ত পদ্ধতিতে এবং অন্যটি হলো ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে, যেখানে ছোট ছিদ্র করে অস্ত্রোপচার করা হয়। উন্মুক্ত পদ্ধতিতে হার্নিয়ার স্থানে একটি বড় ছেদ দেওয়া হয় এবং দুর্বল পেশি মেরামত করা হয়।
ল্যাপারোস্কোপিক বা কী-হোল পদ্ধতিতে পেটে কয়েকটি ছোট ছিদ্র তৈরি করে সরু নলজাতীয় যন্ত্রপাতি ব্যবহার করে অপারেশন করা হয়। নলের মাথায় লাগানো একটি ক্যামেরার সাহায্যে পেটের ভেতরের দৃশ্য বাইরের একটি মনিটরে দেখে সার্জন অপারেশন পরিচালনা করেন।
ইঙ্গুইনাল হার্নিয়ায় হার্নিয়োটমি, হার্নিয়োর্হাফি বা হার্নিয়োপ্লাস্টির মতো বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়। এ ছাড়াও কুন্ট'জ অস্ত্রোপচার, এন্ড্রিউ'জ ইম্ব্রিকেশন বা ম্যাকভে মেরামতের মতো পদ্ধতিও প্রয়োগ করা হয়। কোন পদ্ধতি উপযুক্ত হবে তা অস্ত্রোপচারকারী চিকিৎসক নির্ধারণ করে থাকেন।
হার্নিয়ার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন অস্ত্রোপচার পদ্ধতি অনুসরণ করা হয়। সব ক্ষেত্রে অস্ত্রোপচার একমাত্র সমাধান নয়। যদি হার্নিয়া কোনো গুরুতর স্বাস্থ্য জটিলতা তৈরি না করে, তাহলে অস্ত্রোপচার না করলেও চলে। বয়স্ক রোগী বা গুরুতর অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় অস্ত্রোপচার এড়িয়ে যাওয়া হয়।
হার্নিয়া সার্জারির আধুনিক চিকিৎসা সম্পর্কে পরামর্শ পেতে ডাক্তার তালিকা (Doctor Talika)-এর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।
উপসংহার
জন্মগতভাবে হার্নিয়া থাকলে তা প্রতিরোধ করা সম্ভব নয়। তবে কিছু সতর্কতামূলক অভ্যাস অনুসরণ করলে হার্নিয়া হওয়ার ঝুঁকি কমানো যায়।
- নিয়মিত শারীরিক কসরত করে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ করা।
- খাদ্যতালিকায় প্রচুর শাকসবজি ও তাজা ফলমূল রাখা।
- ভারী বস্তু তোলার সময় হাঁটু ভাঁজ করে তোলার অভ্যাস করতে হবে এবং কোমর বাঁকিয়ে কখনো ভারী কিছু উত্তোলন করা উচিত নয়।
- দ্রুত হাঁটা বা অতিরিক্ত দৌড়ানো থেকে সতর্ক থাকা।
হিয়াটাল হার্নিয়ার ক্ষেত্রে অম্বল কমাতে কখনো কখনো ওষুধ দেওয়া হয়। এতে অস্বস্তি ও উপসর্গ থেকে সাময়িক মুক্তি পাওয়া সম্ভব। খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে হিয়াটাল হার্নিয়ার উপসর্গ কমানো যায়, যদিও সম্পূর্ণ নিরাময়ের জন্য অস্ত্রোপচার দরকার। একসাথে অনেক ভারী খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে।
খাওয়ার পরপরই শুয়ে পড়া বা পরিশ্রমমূলক কাজ করা বন্ধ করতে হবে। যেসব খাবার অম্বলের কারণ হয়—যেমন অতিরিক্ত মশলাদার বা টক খাবার—সেগুলো পরিহার করলে হিয়াটাল হার্নিয়ার রোগীরা স্বস্তি পাবেন। উপসর্গ থাকাকালীন ধূমপান থেকে বিরত থাকুন। উচ্চতা অনুযায়ী দেহের ওজন নিয়ন্ত্রণে রাখুন।
কিছু ব্যায়াম হার্নিয়ার আশেপাশের পেশি শক্তিশালী করতে সহায়তা করে এবং উপসর্গ কিছুটা কমাতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে বেশি পরিশ্রমী ব্যায়াম করলে উল্টো ক্ষতি হতে পারে। একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ব্যায়াম করা সবচেয়ে ভালো। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পরও উপসর্গ না কমলে অস্ত্রোপচারই একমাত্র সমাধান।